টানা অষ্টম জয়ের খোঁজে রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামছে আবাহনী | খেলা

টানা অষ্টম জয়ের খোঁজে রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামছে আবাহনী | খেলা

<![CDATA[

টানা অষ্টম জয়ের খোঁজে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে আবাহনী। সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আকাশী নীলরা। বিজয়-নাঈমের দুর্দান্ত ফর্ম এ ম্যাচেও ফেবারিটের তকমা দিচ্ছে ধানমণ্ডির জায়ান্টদের।

অন্যদিকে, এক ম্যাচ হারলেও ডিপিএলের চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে রূপগঞ্জ। আবাহনীকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মাশরাফী বাহিনী। ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টায়।

 

ঢাকা প্রিমিয়ার লিগ মানেই যে এনামুল হক বিজয়ের বীরত্ব গাঁথা। গত মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে রেকর্ড রান করবার পর সবাই ভেবেছিলেন এবার হয়তো থামবেন এই ওপেনার। কিন্তু, দল বদলে এ মৌসুমে আরও বেশি আক্রমণাত্মক বিজয়ের উইলো।

 

৭ রাউন্ড শেষে তিন সেঞ্চুরি আর দুটি ফিফটি পেয়ে গেছেন বিজয়। অ্যাভারেজটাও তার তিন ফিগারে। স্ট্রাইক রেটও নজরকাড়া ১০৪। নাঈম শেখও যেন পাল্লা দিয়ে লড়ছেন বিজয়ের সঙ্গে । ৭ ম্যাচে স্ট্রাইক রেট একটু কম হলেও, ১২৬ অ্যাভারেজে রান বিজয়ের চেয়ে ৬৬ কম, ৫০৬। এ দুজনের ব্যাটে ভর করেই উড়ে চলেছে আবাহনী লিমিটেড।

 

আরও পড়ুন: অঘোষিত ফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

 

তবে, খালেদ মাহমুদ সুজনের জন্য চিন্তাটা একটু অন্যরকম। বেশিরভাগ ম্যাচেই অপরীক্ষিত রয়ে গেছে তার মিডল অর্ডার। আফিফ হোসেনের একটা ফিফটি করা ছাড়া রান নেই অন্য কারো। সুযোগও পাননি তারা খুব একটা। সেক্ষেত্রে বড় ম্যাচে টপ অর্ডার কলাপ্স করলে মিডল অর্ডারের শুন্যতা ভোগাতে পারে আকাশী নীলদের।

 

লিজেন্ডস অব রূপগঞ্জ প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী। বিশেষ করে মাশরাফীর মতো থিংকট্যাংক ডাগ আউটে থাকলে ভয় ধরবে যে কোনো প্রতিপক্ষের মনেই। আবাহনীও তার বাইরে নয়। তাই তো ম্যাচের আগের দিন বিসিবির অ্যাকাডেমি মাঠে অনুশীলনে বেশ মনোযোগী ছিল খালেদ মাহমুদ সুজন শিষ্যরা। কোনো অবস্থাতেই পা পেছলাতে চায় না তারা। শেখ জামালের কাছ থেকে শিরোপা পুনরুদ্ধার যে এবার করতেই হবে।

 

তবে, ছেড়ে দেয়ার পাত্র নয় লিজেন্ডস অব রূপগঞ্জও। সেরা ক্যাপ্টেনকে নিয়ে এবার বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে তারা। বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ৫ উইকেট নিয়ে মোহামেডানকে একাই ধসিয়ে দিয়েছিলেন তিনি।

 

আরও পড়ুন: কোচও জানেন না সাকিবের বোলিং কমের কারণ

 

পরের ম্যাচে জয় না আসলেও, পারভেজ ইমনের সেঞ্চুরি আশা দেখাচ্ছে রূপগঞ্জকে। সঙ্গে চিরাগ জনির ফর্ম। ব্যাট কিংবা বল হাতে দাপটের সঙ্গে ডিপিএল মাতাচ্ছেন এই ভারতীয়। মিডল অর্ডারে ইরফানও হতে পারেন আবাহনীর মাথা ব্যথার কারণ। সাব্বির রহমানের ফর্মটাও বেশ ভালো চলতি মৌসুমে।

 

আবাহনীকে তাই সহজে ছেড়ে দেবে না মাশরাফী বাহিনী। লড়াইটা হবে সমানে সমান। কারণ, জিতলেই যে পয়েন্ট টেবিলের লড়াইটাও জমে উঠবে।

]]>