ট্রাম্পের সঙ্গে সখ্যতা: আইওসি এথিকস কমিশনে ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ – DesheBideshe

ট্রাম্পের সঙ্গে সখ্যতা: আইওসি এথিকস কমিশনে ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ – DesheBideshe


ট্রাম্পের সঙ্গে সখ্যতা: আইওসি এথিকস কমিশনে ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ – DesheBideshe

জুরিখ, ১৫ জুলাই – বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই বড় ধরনের বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) এথিকস কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থা ফেয়ার স্কয়ারের পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে ফিফা সভাপতির বিভিন্ন কর্মকাণ্ড বিশ্ব ফুটবলের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে সংকটে ফেলেছে।

ফেয়ার স্কয়ারের দাবি অনুযায়ী ইনফ্যান্তিনো একাধিকবার এমন আচরণ করেছেন যা ক্রীড়া প্রশাসকদের জন্য নির্ধারিত রাজনৈতিক নিরপেক্ষতা নীতির স্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নেপথ্যে ট্রাম্পের কোনো প্রভাব ছিল কি না তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

মানবাধিকার সংস্থাটির অভিযোগে আরও বলা হয় ইনফ্যান্তিনো শুধু ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্কই রাখেননি বরং বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সমর্থন জানানো এবং ফিফার পক্ষ থেকে তাকে একটি শান্তি পুরস্কার দেওয়ার বিষয়টিকেও আইওসির নীতিমালার সাথে সাংঘর্ষিক হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ফিফার নিজস্ব এথিকস কমিটির কাছেও একই ধরনের অভিযোগ জমা দিয়েছিল সংস্থাটি।নরওয়ে ফুটবল ফেডারেশন এবং ইউরোপীয় পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য এই অভিযোগকে সমর্থন জানিয়েছেন।

ফেয়ার স্কয়ারের প্রধান নির্বাহী নিক ম্যাকগিহান জানান ফিফা যদি তাদের সভাপতির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করতে ব্যর্থ হয় তবে আইওসির উচিত বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করা। একজন আইওসি সদস্য হিসেবে ইনফ্যান্তিনো নিরপেক্ষতা বজায় রাখতে বাধ্য।

বর্তমানে বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক আসর চলাকালীন এই অভিযোগ ফিফার জন্য এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

এনএন/ ১৫ জুলাই ২০২৬