
ওয়াশিংটন ডিসি, ২৬ এপ্রিল – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আয়োজিত সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিয়েছিলেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এর পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন। সেই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
প্রেসিডেন্ট জানান যে এই ঘটনায় সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তার খুব কাছ থেকে গুলি লেগেছিল। তবে শরীরে বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। ট্রাম্প বলেন যে তিনি ওই কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এবং তিনি এখন ভালো আছেন। তার সাহসিকতা ও মনোবলের প্রশংসা করে ট্রাম্প বলেন যে প্রশাসন সর্বদা তার পাশে আছে। নৈশভোজের এই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি এবং এফবিআই পরিচালকও উপস্থিত ছিলেন।
কেন বারবার তাকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে সাম্প্রতিক বছরগুলোতে তার ওপর একাধিকবার হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। ট্রাম্প জানান যে তিনি বিভিন্ন সময় ঘটে যাওয়া গুপ্তহত্যার ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন এবং তার ধারণা অনুযায়ী প্রভাবশালী ব্যক্তিরাই সচরাচর এ ধরনের হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকেন।
তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের উদাহরণ টেনে বলেন যে প্রভাবশালীরাই এমন সংকটের মুখে পড়েন। নিজের ওপর হামলার ঘটনাকে এক ধরনের সম্মান হিসেবে উল্লেখ করে তিনি জানান যে বর্তমান প্রশাসন দেশের জন্য অনেক কাজ করছে এবং এতে কিছু পক্ষ অসন্তুষ্ট হতে পারে। তিনি মনে করেন তার প্রভাবশালী অবস্থানের কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬






