<![CDATA[
নরসিংদীর পলাশের ঘোড়াশালে লেভেল ক্রসিংয়ের বারের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ঘোড়াশাল রেলস্টেশনের অদূরে চামড়াব এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম (৪৫) মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মো. সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৭ নম্বর ইউনিটের উপসহকারী প্রকৌশলী এবং ওই বিদ্যুৎ কেন্দ্রের মাধবী কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করতেন।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন খোরশেদ আলম। সকাল ৯টার দিকে ঘোড়াশাল চামড়াব এলাকার লেভেল ক্রসিংয়ের সামনে পৌঁছান তিনি।
আরও পড়ুন: নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ক্রসিংয়ের গেটম্যান আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল পৌঁছার সংকেত পেয়ে বাঁশ দিয়ে তৈরি লেভেল ক্রসিং আটকে দেয়া হয়। এরপরও খোরশেদ আলম দ্রুত লেভেল ক্রসিংয়ের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় দুই রেললাইনের মাঝে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিহত খোরশেদ আলমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
]]>



