তরুণদের মাঠে ফেরানো, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং তৃণমূল থেকে ফুটবল প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়ে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে এবারের প্রতিযোগিতায় ছেলেদের ১০টি ও মেয়েদের ১০টি দল অংশ নেবে। চারটি মাঠে একযোগে শুরু হবে খেলা।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, নগর উন্নয়নের পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করাকেও গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। খেলার মাঠ দখলমুক্ত করা, অবকাঠামো সংস্কার এবং তরুণদের জন্য খেলার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। খেলাধুলাকে ভবিষ্যতে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরির কথাও জানান তিনি।
টুর্নামেন্টের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আশা প্রকাশ করেন, আগের আসরগুলোর মতো এবারও এই প্রতিযোগিতা থেকে নতুন ফুটবলার উঠে আসবে।
বিসিবি সভাপতি তামিম ইকবাল ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ অন্যান্য খেলায়ও সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আগামীতে ক্রিকেটসহ অন্যান্য খেলাকেও এতে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন তামিম।
পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এদিকে, দক্ষিণ সিটি করপোরেশনেও মেয়র কাপ আয়োজনের পরিকল্পনার কথা জানান প্রশাসক আব্দুস সালাম।
ছেলেদের ও মেয়েদের বিভাগে উত্তরার, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর, দিয়াবাড়ী, দক্ষিণ খান, উত্তর খান, ভাটারা ও বাড্ডা এলাকার দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে।
The post ডিএনসিসি কাপ শুরু ৪ ডিসেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.