ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৩ জাহাজ | চ্যানেল আই অনলাইন

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৩ জাহাজ | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসা তিনটি জাহাজে করে জেট ফুয়েল ও ডিজেল পৌঁছেছে। এসব জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের জাহাজটি মঙ্গলবার সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জেট ফুয়েল খালাস করছে।

সিঙ্গাপুর থেকে আসা এই জাহাজে প্রায় ১১ হাজার মেট্রিক টন বিমান জ্বালানি রয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী ‘এমটি লুসিয়া সোলিস’ ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা করে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে।

বর্তমানে লাইটারেজ পদ্ধতিতে জ্বালানি খালাস চলছে। বুধবার দুপুরে এটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

অন্যদিকে, ডেনমার্কের পতাকাবাহী ‘এমটি টর্ম দামিনি’ প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকেই বহির্নোঙরে জ্বালানি খালাস শুরু করেছে। মালয়েশিয়া থেকে ৯ এপ্রিল যাত্রা করা এই জাহাজটি বুধবার ডলফিন জেটি-৬-এ পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা।

বিপিসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের নাব্যতার সীমাবদ্ধতার কারণে বড় জাহাজগুলো প্রথমে বহির্নোঙরে এসে আংশিক জ্বালানি খালাস করে। পরে জেটিতে ভিড়ার পর অবশিষ্ট জ্বালানি খালাস করা হয়।