ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল পরিবহনের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৌঁছাবে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, নির্ধারিত সময়েই পাম্পিং শুরু হয়েছে। তিনি বলেন, এই চালানটি পাম্পিং শুরুর প্রায় ৪৫ ঘণ্টার মধ্যে পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে। সে হিসেবে আগামী শনিবার বিকেল ৫টার দিকে ডিজেলটি ডিপোতে পৌঁছাবে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে ডিজেলের কোনো সংকট নেই। জ্বালানির মজুত সন্তোষজনক এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসে পৌঁছেছে।
এর আগে, ৭ এপ্রিল মধ্যরাতে নুমালিগড় রিফাইনারি থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালানের পাম্পিং শুরু হয়, যা পরদিন শুক্রবার মধ্যরাতে পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। বর্তমানে ওই চালানের ডিজেল সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে।




