<![CDATA[
চীনের চোখ রাঙানি আর হুমকি ধামকি উপেক্ষা করেই তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। খবর দ্য গার্ডিয়ান।
মধ্য আমেরিকা সফর শেষ করে বুধবার (৫ এপ্রিল) দেশে ফেরার পথে যাত্রাবিরতিতে আবারও যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের।
এসময় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে তাইওয়ান প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন স্পিকারের বৈঠকটি হবে বলে জানিয়েছে তার দফতর। এর আগে গত সপ্তাহে মধ্য আমেরিকা সফরে যাওয়ার সময়ও যাত্রাবিরতিতে যুক্তরাষ্ট্র সফরে যান ইং-ওয়েন।
আরও পড়ুন: তাইওয়ান ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা বাড়ছে কেন
এদিকে তাইওয়ান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইওয়ান প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন স্পিকারের বৈঠক একচীন নীতির পরিপন্থি বলেও উল্লেখ করা হয়।
শুধু তাই নয় যুক্তরাষ্ট্র হয়ে মধ্য আমেরিকা সফরে যাওয়ায়, তাইওয়ানের প্রেসিডেন্টকে কড়া মাশুল গুনতে হবে বলেও হুমকি দিয়েছে বেইজিং। এর মধ্য দিয়ে চীন-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের আরও অবনতি হবে বলেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
]]>



