তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ | চ্যানেল আই অনলাইন

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ | চ্যানেল আই অনলাইন

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং এবং বোলিংয়ে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। বলে হাসান মাহমুদের পর ব্যাটে আলো ছড়িয়েছেন তানজিদ তামিম। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। পরে বাঁহাতি টাইগার ওপেনার অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে সাক্ষাৎকার জানালেন কেন এই শতরান বিশেষ।

প্রথম ইনিংসের ৬৩তম ওভারের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। নাথান লায়নের অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ বলে ড্রাইভ করেন। বল লং অফে ঠেলে ম্যাজিক্যাল নাম্বারের দেখান পান। তার ক্যারিয়ারের প্রথম শতক। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশেরও প্রথম শতক। পরে ৮ চার ও ১ ছক্কায় ১৯৭ বলে ১০১ রান করে আউট হন তিনি।

সেঞ্চুরির পর গিলক্রিস্টকে সাক্ষাৎকার দেন তানজিদ। বলেন, ‘এটা আমার জন্য খুবই বিশেষ। কারণ এই প্রথম এখানে এসেছি এবং মাত্র ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছি। সেখানে সেঞ্চুরি করা সত্যিই আমার জন্য অনেক বিশেষ কিছু।

‘আসলে দলের যা প্রয়োজন ছিল, সেভাবে খেলার চেষ্টা করছিলাম। আমার মনে হয় উইকেটও ভালো ছিল। ওরা বেশ ভিন্ন পরিকল্পনা নিয়ে বোলিং করছিল, আর চেষ্টা করছিলাম স্বাভাবিক ক্রিকেট খেলতে এবং নিজেকে শান্ত রাখতে।’

‘শুধু বল দেখে খেলার চেষ্টা করেছি। খুব বেশি কিছু করার চেষ্টা করিনি। কেবল মাথা ঠাণ্ডা রেখেছি এবং ওরা যেভাবে বল করেছে, পরিকল্পনা করেছে, সেই বলগুলোতে ঠিকঠাক খেলার চেষ্টা করেছি। উইকেট আগের চেয়ে, বিশেষ করে প্রথম দিনের চেয়ে এখন অনেক ভালো। দিন দিন এটা আরও ভালো হবে মনে হচ্ছে। এই উইকেটে যদি স্বাভাবিক ক্রিকেটিং শট খেলা যায়, তবে দলের জন্যই ভালো হবে।’

‘আমাদের পরের দুই সেশনও ভালো খেলতে হবে। আমরা যদি সময়টা খুব ভালোভাবে পার করতে পারি, সেটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে।’