
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয়টিতে কিউইদের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে বেশ চাপেই পড়েছিল সফরকারী দল। ৭০ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল ভারত, হাল ধরেন তিলক ভার্মা। তার ঝড়ো ফিফটিতে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে শ্রেয়াস আয়ারের দল। তাতে সিরিজে ২-০তে এগিয়ে থাকল ভারত।
ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল স্টেডিয়ামে টসে হেরে ব্যাটে নামে মিচেল স্যান্টনারের দল। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৮০ রান করে নিউজিল্যান্ড। জবাবে নেমে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় ভারত।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলীয় ৪০ রানে উদ্বোধনী জুটি ভাঙে। ১৭ বলে ১৪ রান করে আউট হন সাঞ্জু স্যামসন। এরপর ধস নামে সফরকারীদের ব্যাটিং লাইনআপে। ৩০ রান যোগ করতেই আরও ৪ ব্যাটারকে হারায়। ৭০ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল ভারত।
ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন তিলক ভার্মা ও নামান ধীর। ২৫ বলে ৪২ রানের জুটি গড়েন দুজনে। ১৪.৫ ওভারে দলীয় ১১২ রানে নামান আউট হলে জুটি ভাঙে। ১৭ বলে ৩১ রান করেন। এরপর নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে ৩০ বলে ৬৯ রানের অপ্রতিরোধ্য জুটিতে জয় নিশ্চিত করেন তিলক। নিতিশ ১৩ বলে ২৬ এবং তিলক ৬ চার ও এক ছক্কায় ২৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।
কিউই বোলারদের হয়ে মিচেল স্যান্টনার ৪ উইকেট নেন। জ্যাকব ডাফি ও নাথান স্মিথ নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাটে নেমে ভালো শুরু পায়নি কিউইরা। ৪১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। দলীয় ৯ রানে টিম শেফার্ড ৬ বলে ৭ রানে আউট হন। ড্য়ারিল মিচেল ৫ বলে ৬ এবং ফিন অ্যালেন ১৪ বলে ১৬ রান করে আউট হন। পরে হাল ধরেন গ্লেন ফিলিপস ও বেভন জ্যাকবস। ৭৭ বলে ১১৬ রানের জুটি গড়েন দুজনে।
দলীয় ১৫৭ রানে ফিলিপস জুটি ভাঙে। ৪টি করে চার ও ছক্কায় ৪৩ বলে ৭০ রান করেন। দলীয় ১৬৫ রানে আউট হন জ্যাকবস। ৫ চার ও ১ ছক্কায় ৪৬ বলে ৫৮ রান করেন। অধিনায়ক মিচেল স্যান্টনার ও মিচেল ব্রেসওয়েল ইনিংস শেষ করেন। স্যান্টনার ৪, এবং ব্রেসওয়েল ২ বলে ১০ রান করেন।
ভারতের হয়ে আর্শদ্বীপ সিং ২ উইকেট নেন। ভুবেনশ্বর কুমার, প্রিন্স যাদব ও নিতিশ কুমার রেড্ডি নেন একটি করে উইকেট।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




