বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। তার আগে স্পেনের বিপক্ষে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। এবার তাদের খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফের ম্যাচ। দুদলের কেউই সেই ম্যাচটি খেলতে চান না, মন্তব্য করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল।
আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে হারের পর তৃতীয় স্থান ম্যাচের আগে টুখেল বলেছেন, ‘আমাদের কোন খেলোয়াড় এমনকি ফ্রান্সের কোন খেলোয়াড়ও এই ম্যাচটি খেলতে চায় না। তারা ফাইনাল খেলতে চায়। সেটা অর্জনের জন্য আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই সবাই খেলে, কিন্তু বাস্তবতা এমনই।’
‘ফ্রান্সের তুলনায় বিশ্রাম নিয়ে সেরে ওঠার জন্য আমরা একদিন কম সময় পাচ্ছি। তবে পেশাদারিত্বের সাথেই আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আরেকটি বিশ্বকাপে অংশ নেয়ার আগে আমাদের চার বছর অপেক্ষা করতে হবে।’
‘সেমিফাইনালে পৌঁছানোটা নিজেই একটা বড় অর্জন। অনেক শক্তিশালী ফুটবল খেলুড়ে দেশই সেমিফাইনালে ওঠার আগেই বিদায় নেয়। এটি নিঃসন্দেহে একটি সাফল্য। কিন্তু এই মুহূর্তে কেউই, আমি নিজেও এমন কথা শুনতে চাইছি না। কারণ আমরা নিজেদের কাছে অনেকবেশি প্রত্যাশা রাখি।’
মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে সেমিফাইনালের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নেয় ফ্রান্স। পরেরদিন আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।




