ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন ছাত্রলীগমুক্ত হয়েছিল, সেদিনই পরিষ্কার হয়েছিল বাংলাদেশে আর ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হবে না এবং শেখ হাসিনার পতন সুনিশ্চিত।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় সাদিক কায়েম এ কথা বলেন।
ক্যাম্পাস নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ডাকসুর উদ্যোগে ‘জুলাইয়ে সঞ্চারিত সাহস: গণরুম-গেস্টরুম পেরিয়ে নির্যাতনমুক্ত ক্যাম্পাস’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
সভাপতির বক্তব্যে সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন কোনো গণরুম নেই, কোনো ধরনের গেস্টরুম নেই। পেশিশক্তির রাজনীতি (মাসল পাওয়ার পলিটিকস) নেই। জোর করে কাউকে প্রোগ্রামে নিয়ে যাওয়া বা অধিকার হরণ করার মতো অপরাজনীতি এখন আর নেই।




