তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয়দের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি – DesheBideshe

তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয়দের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি – DesheBideshe


তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয়দের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি – DesheBideshe

হবিগঞ্জ, ২৭ জুন – হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের একটি বড় চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শেষ পর্যন্ত তাদের নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়। হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা যায়,

সীমান্তের ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১ এস সাব পিলার সংলগ্ন তেলিয়াপাড়া বিওপি এলাকায় রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট নিভিয়ে কিছু ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় বিএসএফ। টহলরত বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে তাদের জিরো লাইনেই আটকে দেন।

এসময় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারাও বিজিবিকে সহায়তা করতে এগিয়ে আসেন। বিজিবির অনড় অবস্থানের কারণে এক পর্যায়ে বিএসএফ তাদের লোকজনকে ফিরিয়ে নিয়ে যায়।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিলুর রহমান জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালন করছেন।

এস এম/ ২৭ জুন ২০২৬