ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত (গুচ্ছবোমা) ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরান জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুই সপ্তাহের বেশি সময় আগে তারা ইরানে যে হামলা শুরু করেছে, তার অন্যতম লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও আরও অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।




