দর্শকশূন্য ‘বউ নিয়ে যুদ্ধ’, লায়নে বিক্রি হয়নি একটি টিকিটও! | চ্যানেল আই অনলাইন

দর্শকশূন্য ‘বউ নিয়ে যুদ্ধ’, লায়নে বিক্রি হয়নি একটি টিকিটও! | চ্যানেল আই অনলাইন

গেল শুক্রবার (৭ আগস্ট) দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অমিত হাসান, মিশা সওদাগর, মিশু আহমেদ ও পুষ্পিতা পপি অভিনীত সিনেমা ‘বউ নিয়ে যুদ্ধ’। রাজধানীর লায়ন সিনেমাসে প্রথম দিন দুটি শো চললেও একটি টিকিটও বিক্রি হয়নি।

দর্শক না থাকায় মুক্তির দিনই সিনেমাটি হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আবদুল খালেক।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, বিকেল ও সন্ধ্যায় দুটি শো দেওয়া হয়েছিল। কিন্তু কোনো টিকিট বিক্রি না হওয়ায় দর্শকদের আগ্রহ না থাকায় পরে সিনেমাটি নামিয়ে দেওয়া হয়।

১৬ মার্চ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘বউ নিয়ে যুদ্ধ’। মুক্তির আগে ইউটিউবে প্রকাশিত ট্রেলার নিয়েও দর্শকদের মধ্যে সমালোচনা দেখা যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, ২০২৬ সালে এসে এমন মানের সিনেমা কীভাবে নির্মাণ ও মুক্তি পায়?

কেউ কেউ সিনেমাটিকে এক যুগ আগের নির্মাণ বলেও মন্তব্য করেছেন। কেউ কেউ মন্তব্য করেন, এরা কারা টাকা খরচ করে বানায়? কেন বানায়? যারা অভিনয় করেছে তারা কী বুঝে অভিনয় করেছেন? এসব মানহীন সিনেমার কারণে বাংলা প্রতি দর্শক আগ্রহ হারাচ্ছে।

অথচ মুক্তির আগে জানানো হয়েছিল, মাহফুজুর রহমান আপন পরিচালিত এবং স্বচ্ছ এন্টারটেইনমেন্ট পরিবেশিত ‘বউ নিয়ে যুদ্ধ’ হাসি, আবেগ, পারিবারিক টানাপোড়েন, ভালোবাসা ও সম্পর্কের ভিন্নমাত্রার গল্প নিয়ে নির্মিত।

পরিচালক মাহফুজুর রহমান আপন জানান, এটি দশ বছর আগে নির্মিত সিনেমা। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমার বাবা অর্ধেক শুটিং করেছিলেন, আমি বাকিটা শেষ করেছি বিক্রি করেছি।

যেখানে বিক্রি করেছি তারা ‘ওসমান’ নাম পরিবর্তন করে ‘বউ নিয়ে যুদ্ধ’ নাম দিয়ে সেন্সর করিয়ে সিনেমা হলে মুক্তি দিয়েছেন। যেহেতু এটা দশ বছর আগের সিনেমা এ কারণে এটা নিয়ে এখন আর বলার কিছু নাই।