দিল্লিকে সরিয়ে মোদির রাজ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর! | চ্যানেল আই অনলাইন

৭২ বছরের ইতিহাসে এই প্রথম। দিল্লি থেকে সরে যাচ্ছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান মঞ্চ। ভারতের  রাজধানী দিল্লির পরিবর্তে চলতি বছরের অনুষ্ঠান হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে।

আগামী ২২ সেপ্টেম্বর গুজরাটের কেভেড়িয়ায় এবারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার (৭ সেপ্টেম্বর) ভারকের সংশ্লিষ্ট দপ্তর এমনটা জানিয়েছে। এর আগে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল গুজরাটে। শতবর্ষের কমনওয়েলথ গেমসও হবে মোদি-রাজ্যে।

গুজরাটের কেভেড়িয়ার নতুন নামকরণ করা হয়েছে একতা নগর। এখানেই রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের সেই বিশাল মূর্তি। বিশ্বের উচ্চতম স্ট্যাচু অব ইউনিটি। ২০১৮ সালে ৫৯৭ ফুট উঁচু মূর্তিটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯৫৪ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান হয়েছিল দিল্লির বিজ্ঞান ভবনে। তারপর থেকে দেশের রাজধানী শহরেই হয়ে এসেছে পুরস্কার প্রদান। ৭২তম সংস্করণে এসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের সেই রীতিতে এবারই প্রথম ছেদ পড়ছে। দিল্লির পরিবর্তে গুজরাটে স্থানান্তরিত করা হচ্ছে অনুষ্ঠান।

এবারের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষিত হয়েছিল জুলাই মাসে। সেরা ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে ‘আর্টিকেল ৩৭০’। এই ছবি থেকেই সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম। মালায়ালাম সুপারস্টার মামুট্টি এবং বলিউড তারকা কার্তিক আরিয়ান যথাক্রমে ‘ব্রহ্মযুগম’ ও ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে তাঁদের ভূমিকার জন্য সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নেবেন।

অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রণদীপ হুদা বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিক ‘স্বতন্ত্র্য বীর সাভারকার’-এর জন্য সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন। সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘কল্কি: ২৮৯৮ এডি’।

অন্যদিকে অরুণ মাথেশ্বরন পরিচালিত এবং ধানুষ অভিনীত তামিল ছবি ‘ক্যাপ্টেন মিলার’ জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী সেরা ফিচার ফিল্ম হিসাবে স্বীকৃতি পেয়েছে। এবছর সেরা বাংলা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’। সেরা শিশুশিল্পী বিভাগে পুরস্কার পাচ্ছে সৌরভ পালোধি পরিচালিত ‘অঙ্ক কী কঠিন’ ছবির তিন খুদে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব, গীতশ্রী চক্রবর্তী।