কিন্তু বর্তমানে তুলনামূকভাবে মানসম্মত টিভি নাটক নির্মাণের চেয়ে মানহীন, কুরুচিপূর্ণ সংলাপে ভরপুর অনেক টিভি নাটক আমরা দেখছি।
সম্প্রতি নির্মিত অনেক নাটকের দিকে লক্ষ করলে দেখা যাবে, ব্যবসায়িক স্বার্থে এসব কুরুচিপূর্ণ, অশ্লীল নির্মাণগুলো তৈরি করা হচ্ছে। যার ফলে দর্শকদের মনে একধরনের নেতিবাচক চিন্তাচেতনার সৃষ্টি হচ্ছে। আরও লক্ষ করলে দেখা যায়, এসব টিভি নাটকের দর্শকের অধিকাংশই তরুণ প্রজন্মের। যার ফলে বিষয়টি সমাজে আরও গভীরভাবে তার খারাপ প্রভাব ফেলছে। এসব টিভি নাটকের বিষয়বস্তু সমাজে সেভাবে স্বীকৃত না হওয়ার কারণে পরিবারের সামনে এগুলো দেখার কথা ভাবাই যায় না। অনেক নাটকে নারীদের নিয়ে অসম্মানজনক ডায়ালগ বলা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
তবে অনেকের মতামত এমন যে, ‘নাটক তো বিনোদনের মাধ্যম। এখানে শেখার তেমন কিছু নেই, সব বিনোদনের জন্য।’ তাদের কাছে আমার কিছু প্রশ্ন যে, মানুষের সামাজিকীকরণের অংশ কি বিনোদন নয়? একজন শিশু বা তরুণ যখন এ ধরনের নির্মাণ দেখবে, তখন কি তার মনে এসব প্রভাব ফেলবে না? একজন তরুণ যখন দেখবে কোনো মেয়ের উদ্দেশে কিছু বাজে কথা ছুড়ে দিলে তার মনোযোগ পাওয়া যায়, তখন কি সমাজে ইভ টিজিংয়ের মতো নোংরা কাজের ছড়াছড়ি হবে না? যখন একজন তরুণের সামনে মাদক গ্রহণ খুব ‘হিরোইজমের’ ব্যাপার, তখন কি সমাজে মাদকের বিস্তার হবে না?



