<![CDATA[
একদিনের বিরতি শেষে আবারও মাঠে ফিরতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে সাভারের বিকেএসপিতে হারের বৃত্তে ঘুরতে থাকা মোহামেডানের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
গত আসরের মতো এবারের আসরেও দারুণ ছন্দে রয়েছে শেখ জামাল। পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়েছে দলটি। নুরুল হাসান সোহানের নেতৃত্বে ব্যাট হাতে দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক ফজলে মাহমুদ রাব্বি। বিদেশি রিক্রুট পারভেজ রসুলও বড় শক্তির জায়গা ধানমন্ডি জায়ান্টদের।
আরও পড়ুন: ২ লাখ টাকা পুরস্কার দিয়ে সাকিবের মহানুভবতা
এ দিকে কেবল ঐতিহ্যটাই বাকি মোহামেডানের। মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বীতা নেই। ৫ ম্যাচ শেষেও তাই প্রথম জয়ের খোঁজে ইমরুল কায়েসের দল। অবশ্য সাদা-কালোদের জন্য সুপার সিক্সে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।
বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে ভিন্ন ম্যাচে মাঠে নামবে প্রাইম ব্যাংক। মোহাম্মদ সালাহউদ্দিনের শিষ্যদের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এখনও চলতি আসরে কোনো হারের মুখ দেখেনি তামিম-মুশফিকদের প্রাইম ব্যাংক। তবে বৃষ্টিতে একটি ম্যাচ ভেসে যাওয়ায় বড় ক্ষতি হয়েছে দলটির। আর রূপগঞ্জ টাইগার্সের লক্ষ্য জয় তুলে নিয়ে সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকা।
অন্য দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ। অধিনায়কের নৈপুণ্যে শেষ ম্যাচে মোহামেডানকে উড়িয়ে দিয়েছে রূপগঞ্জ।
আরও পড়ুন: ডাচদের বিপক্ষে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনীর সঙ্গে সমানে সমান লিজেন্ডস অব রূপগঞ্জ। আসরের সবগুলো ম্যাচ জিতে এবারও শিরোপার দৌঁড়ে ভালো লড়াইয়ের আশা দেখাচ্ছে দলটি। প্রতিপক্ষ গাজী গ্রুপকে অবশ্য হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ৫ ম্যাচে মাত্র ২ হার আকবর আলীর দলের।
]]>


