<![CDATA[
দেশের বিপক্ষের শত্রুদের সঙ্গে কখনও ঐক্য হতে পারে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
রোববার (২৬ মার্চ) দুপুরে ঢাকার সাভার উপজেলা মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘জঙ্গিদের উসকে দিচ্ছে বিএনপি। অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।’
আরও পড়ুন: ষড়যন্ত্র করেও দেশের অগ্রযাত্রা থামাতে পারেনি বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী
বিএনপি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের চেষ্টা করছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচন হতে দেবে না, এসব ফ্যাসিস্ট কথায় কাজ হবে না। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, ‘জনগণের কাছে না যেয়ে বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না।’
তিনি বলেন, ‘সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে সরকার। কিন্তু দেশের উন্নয়নকে থামিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে বিএনপি। তারা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে তুলনা করে।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ কিছুটা কষ্টে আছে। তবে সংকট কেটে যাবে। সিন্ডিকেটকে ভাঙার চেষ্টা করা হচ্ছে।’
আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চলবে: মির্জা ফখরুল
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনা নির্বাচিত হবেন বলে প্রত্যাশা করি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব।
]]>


