নারায়ণগঞ্জ শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন শত বছরের পুরোনো দোতলা ভবনে ১৮ মার্চ সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে পথচারী সিটি ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ তিনজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও সাতজন। ওই ভবনের ব্যবসায়ীদের দাবি, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনটি ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), তিতাস গ্যাস, ডিপিডিসি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী ভেঙে ফেলা হয়।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক ফখরুউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাস থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ওই সড়ক দিয়ে বুদ্বুদ করে গ্যাস উঠতে দেখা গেছে। ওই ভবনে আগেও দুবার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ও মৃত্যু হয়েছিল। সেখানে পয়োনিষ্কাশনের বর্জ্য থেকে গ্যাস বের হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
বিস্ফোরণের পর ওই ভবন থেকে আলামত সংগ্রহ করতে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, তারা ওই ভবনে মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছে। তাদেরও ধারণা, গ্যাসের লিকেজ থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশ ওই ঘটনা তদন্ত করে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে জানিয়েছেন, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।



