
ঢাকা, ৩০ জুন – ধর্ষণের মামলা কিছুটা বেশি হওয়ার নেপথ্য কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পূর্বে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ভুক্তভোগীরা থানায় মামলা করতে পারতেন না। বর্তমানে থানায় যাওয়ার পাশাপাশি অনলাইনেও জিডি ও এফআইআর দায়েরের সুযোগ তৈরি হয়েছে এবং এক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ নেই।
মঙ্গলবার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মঞ্জুরি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আইন ও শৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন। তিনি মার্চ ও এপ্রিল মাসের অপরাধের চিত্র তুলে ধরে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মুগ্ধ করার মতো হলেও কাজের ক্ষেত্রে এর প্রতিফলন জরুরি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। খুন, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির মতো অপরাধের হার নিম্নমুখী হলেও কেবল ধর্ষণের মামলার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, ধর্ষণের মামলা দায়েরের ক্ষেত্রে এখন সাধারণ মানুষ অনেক বেশি সচেতন এবং স্বাধীন। রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিবেশে মামলা রেকর্ড হওয়ার কারণেই এই সংখ্যাটি বেশি মনে হচ্ছে। তবে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিতে সরকার বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
উদাহরণ হিসেবে তিনি পল্লবীর শিশু হত্যার বিচার ১৫ থেকে ১৭ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
অপরাধীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে রেখে বিচার করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হচ্ছে না। আইন ও শৃঙ্খলার উন্নয়নে সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এনএন/ ৩০ জুন ২০২৬






