ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক কে? এ নিয়ে বিতর্কের শেষ নেই। মাহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রিকি পন্টিং কিংবা ইমরান খান… প্রত্যেকেরই রয়েছে অসাধারণ নেতৃত্বের রেকর্ড। তবে ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের চোখে সবার সেরা একজনই।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়, কে সেরা অধিনায়ক তা নিয়ে তুমুল বিতর্ক। এবার সেই বিতর্কে নিজের মতামত জানালেন ক্রিকেটের ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়। শেষ পর্যন্ত সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে তিনি বেছে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে।
ধোনিকে বেছে নেওয়ার পেছনে অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। তার নেতৃত্বে ভারত জিতেছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি। শুধু তাই নয়, তার অধিনায়কত্বেই ভারত প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল হওয়ার গৌরব অর্জন করে।
দ্রাবিড় নিজেও ধোনির নেতৃত্বে খেলেছেন বেশ কয়েক বছর। কাছ থেকে দেখেছেন কীভাবে ধোনি দলকে পরিচালনা করতেন এবং কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতেন। তাই ঝাড়খণ্ডের এই কিংবদন্তিকে বেছে নেওয়াটা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল। ক্রিকইনফো-র প্রকাশিত এক ভিডিওতে ‘উইনার স্টেজ অন’ খেলায় অংশ নেন রাহুল দ্রাবিড়। সেখানে তাকে একাধিক কিংবদন্তি অধিনায়কের মধ্য থেকে সেরা বেছে নিতে বলা হয়।
শুরুতে স্টিভ স্মিথকে বেন স্টোকস, প্যাট কামিন্স, অর্জুনা রানাতুঙ্গা, কেন উইলিয়ামসন, গ্রায়েম স্মিথ, ইয়ান মরগ্যান, স্টিফেন ফ্লেমিং ও মাইকেল ক্লার্কের ওপর বেছে নেন দ্রাবিড়। এরপর রিকি পন্টিংয়ের নাম আসলে অ্যালান বোর্ডারকে পেছনে ফেলেন তিনি। তবে পরের ধাপে পন্টিংয়ের ওপর বেছে নেন স্টিভ ওয়াহকে।
বিরাট কোহলির নাম আসতেই কোনো দ্বিধা ছাড়াই তাকে বেছে নেন দ্রাবিড়। কিন্তু কোহলি শেষ পর্যন্ত হার মানেন ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তানি অধিনায়ক ইমরান খানের কাছে। ইমরান খানকে কোহলির ওপর বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে দ্রাবিড় বলেন, ‘তিনি যা করেছেন, তার জন্যই ইমরান খান।’ শেষ পর্যন্ত ধোনি, ইমরান খান এবং স্যার ক্লাইভ লয়েডের মধ্যে ধোনিকেই বিজয়ী ঘোষণা করেন ভারতের সাবেক এই অধিনায়ক।
স্যার ক্লাইভ লয়েডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ছিল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল। তার অধিনায়কত্বে তারা ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জেতে। অন্যদিকে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ১৯৯২ সালে নিজেদের ইতিহাসে প্রথম ও একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয় করে। তবে ধোনির নেতৃত্বের সাফল্য ছিল আরও বিস্তৃত। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি, তিনটি বড় আইসিসি ট্রফি জেতা অধিনায়ক হিসেবে ধোনি এখনও ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল নেতা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রাহুল দ্রাবিড়ের পছন্দ তাই শেষ পর্যন্ত ধোনির কাছে গিয়েই থেমেছে। ক্রিকেট বিশ্বে সর্বকালের সেরা অধিনায়ক নিয়ে বিতর্ক চলতেই পারে, কিন্তু ভারতের কিংবদন্তি ‘দ্য ওয়াল’-এর ভোটে জয়ী হলেন মাহেন্দ্র সিং ধোনি।

