
ঢাকা,০৪ নভেম্বর-চলতি নভেম্বর মাসের প্রথম তিন দিনে দেশে ৫২১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৩০ মিলিয়ন ডলার। এ হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫৮ দশমিক ১ শতাংশ।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর একদিনেই দেশে ১৬১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
এর আগে গত অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর গত আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৯৮৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১০ হাজার ৪৭৮ মিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরের প্রথম চার মাসের বেশি সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।
এস এম/ ০৪ নভেম্বর ২০২৬




