
অটোয়া, ২৯ আগস্ট – যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম নাইন ইলেভেন হামলার ২৫ বছর পূর্তির আগে এক বিশেষ নির্দেশনা জারি করেছে কানাডার সরকারি সংবাদমাধ্যম সিবিসি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সংঘটিত ওই ঘটনাকে সংবাদ প্রতিবেদনে সরাসরি সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ না করতে সাংবাদিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিসির এই সিদ্ধান্ত নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয় যে সিবিসি দীর্ঘকাল ধরেই সন্ত্রাসবাদ বা সন্ত্রাসবাদী শব্দ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা বজায় রাখে। তবে আগামী বছর ৯/১১ হামলার ২৫তম বার্ষিকীকে সামনে রেখে সাংবাদিকদের জন্য এই নির্দেশনাটি নতুন করে জারি করা হয়েছে। সিবিসির পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর কেরি কেলি গত বৃহস্পতিবার এই সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন।
তিনি জানান যে সিবিসির নিজস্ব সম্পাদকীয় নীতি অনুযায়ী সন্ত্রাসবাদ শব্দটি সরাসরি সংবাদমাধ্যমের বর্ণনায় ব্যবহার করা হয় না। তবে কোনো ব্যক্তি বা প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতিতে এই শব্দটি থাকলে তা প্রতিবেদনে রাখা যেতে পারে। ২০০১ সালের সেই হামলায় নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ বিভিন্ন স্থানে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন যার মধ্যে ২৬ জন কানাডীয় নাগরিক ছিলেন।
হামলার ২৫ বছর পূর্ণ হওয়ার আগেই এই ধরনের নির্দেশনাকে অত্যন্ত বিতর্কিত বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। টরন্টো সান পত্রিকার এক কলামিস্ট প্রথম এই বিষয়টি জনসমক্ষে নিয়ে আসেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ভিকি প্যালানিডো।
তিনি এই ধরনের নির্দেশনাকে নিহতদের পরিবারের জন্য অবমাননাকর হিসেবে আখ্যায়িত করেছেন। প্যালানিডো বলেন যে একটি ঐতিহাসিক এবং ভয়াবহ ঘটনার গুরুত্বকে এভাবে খাটো করা অত্যন্ত আপত্তিকর।
উল্লেখ্য যে শুধু সিবিসি নয় এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি তাদের সাংবাদিকদের এই শব্দ দুটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল। এপির মতে এই শব্দগুলো রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং প্রায়শই অসঙ্গতভাবে ব্যবহৃত হয় তাই সরাসরি ব্যবহারের চেয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়াই শ্রেয়।
এস এম/ ২৯ আগস্ট ২০২৬



