<![CDATA[
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ওয়াসার পানিবাহী গাড়ির নিচে চাপা পড়ে মজিবুর রহমান নামে (৬৫) এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সরাবদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান একই ইউনিয়নের আতাদী গ্রামের মৃত আজিজ ভূঁইয়ার ছেলে।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী ওয়াসার ওই গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ভোলায় কাভার্ডভ্যান চাপায় নিহত ৩
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, উপজেলার সরাবদী গ্রামে দীর্ঘদিন যাবত পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের কাজ করছে ওয়াসা। তারা ওই গ্রামের কৃষিজমির ওপর দিয়ে কাজের সুবিধার্থে একটি রাস্তায়ও করেছেন। ওই রাস্তা দিয়ে প্রকল্প সংশ্লিষ্ট যানবাহন চলাচল করতো। সোমবার দুপুরে ক্ষেতে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ কৃষক মজিবুর রহমান। এ সময় ওয়াসার পানিবাহী গাড়িটি পেছনের দিকে যাওয়ার সময় চাকার নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গ্রামবাসী উত্তেজিত হয়ে বিক্ষোভ করেন ও এক পর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
সাইফুল ইসলাম আরও বলেন, নিহতের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। তারা লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী আইগত ব্যবস্থা নেয়া হবে।
]]>


