নারীদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত নিশ্চিত করার পরিকল্পনা ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে পিংক বাস সার্ভিসের উদ্বোধন করেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, নারীদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই। এই সেবাটা আরও কীভাবে উন্নত করা যায়, সেজন্য বিআরটিসিকে ঢেলে সাজাতে হবে। অপারেশনেও ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। অনেক উদ্যোগ এর আগে হয়েছে, মুখ থুবড়ে পড়ে গেছে-এই সরকার তা হতে দেবে না। আজ যে সেবা আমরা পাব দুই মাস পর এই সেবা আরও বাড়াতে হবে। এই সেবা দিনদিন আরও প্রসারিত হবে।
মন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে নারীদের জন্য চালু হল নারী চালক ও কনডাক্টর নিয়ে পিংক বাস সার্ভিস।
উল্লেখ্য, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে চলবে ১০টি বাস। নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুটে এই সেবা পাওয়া যাবে। এছাড়া, গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও পিংক বাস চলবে।


