প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে খেলার মাধ্যমে শেখাতে হবে: ববি হাজ্জাজ – DesheBideshe

প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে খেলার মাধ্যমে শেখাতে হবে: ববি হাজ্জাজ – DesheBideshe


ঢাকা, ১৮ আগস্ট – প্রাথমিক শিক্ষায় গতানুগতিক মুখস্থনির্ভরতার পরিবর্তে খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিশুদের পাঠদানের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন শিশুদের সৃজনশীল চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরিতে খেলায় খেলায় শেখার পদ্ধতিটি অত্যন্ত কার্যকর হতে পারে।

এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় ঐতিহ্যবাহী খেলাগুলোকে পাঠ্যক্রম ও পাঠ্যবইয়ের সঙ্গে যুক্ত করার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত খেলায় খেলায় শিখি শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা নেপ এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ের চার শতাধিক খেলা নথিভুক্ত করেছে যেগুলো পাঠদানের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। এছাড়া আরও সাত শতাধিক গ্রামীণ খেলাকে নিয়মবদ্ধ করে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কাজ চলছে।

তিনি আরও উল্লেখ করেন যে চীন ও জাপানের মতো উন্নত দেশগুলোতে পাঠ্যক্রমের সঙ্গে খেলনা ও বিভিন্ন খেলার নিবিড় সমন্বয় করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান খুব দ্রুত সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রাথমিক শিক্ষায় খেলনাভিত্তিক শিখন পদ্ধতি যুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একই সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ এবং শ্রেণিকক্ষের পরিবেশ যথাযথ রাখার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

এস এম/ ১৮ আগস্ট ২০২৬