নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা | চ্যানেল আই অনলাইন

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা | চ্যানেল আই অনলাইন

ক্রিকেটের উত্তেজনার সঙ্গে এবার যোগ হচ্ছে বিশ্বমানের সংগীতের আমেজ! আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচের সমাপনী আয়োজনে মঞ্চ মাতাবেন রিটা ওরা।

আইসিসি জানিয়েছে, আগামী ৫ জুলাই ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট মাঠে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। সেই মঞ্চে দর্শক মাতাবেন ব্রিটিশ গায়িকা রিটা ওরা।

অন্যদিকে ম্যাচ শেষে নতুন চ্যাম্পিয়নের হাতে ট্রফি ওঠার পর মঞ্চে উঠবে জনপ্রিয় ইলেকট্রনিক পপ ব্যান্ড ক্লিন ব্যান্ডিট। তাদের পরিবেশনার মধ্য দিয়েই শেষ হবে এবারের বিশ্বকাপের বর্ণাঢ্য আয়োজন।

এরই মধ্যে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণে বৃহস্পতিবার (২ জুলাই) ইংল্যান্ড মুখোমুখি হবে সাউথ আফ্রিকার।

আয়োজকদের প্রত্যাশা, এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় ফাইনাল আয়োজন হতে যাচ্ছে। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সংগীতপ্রেমীদের উপস্থিতিতে লর্ডস থাকবে কানায় কানায় পূর্ণ।

প্রসঙ্গত, গত ১২ জুন ছিলো উদ্বোধনী আয়োজন। যেখান পারফর্ম করেছিলেন মিউজিক্যাল উইকড-এর শিল্পীরা। সেই ধারাবাহিকতায় ফাইনালের সমাপনী অনুষ্ঠানেও থাকছে বিশ্বমানের সংগীতশিল্পীদের অংশগ্রহণ। ডেকানক্রনিকল