
ঢাকা, ১৫ আগস্ট – রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী এই নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশের স্নায়ুরোগে আক্রান্ত মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা এখন ১ হাজারে উন্নীত হলো।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে স্নায়ুরোগ চিকিৎসার জন্য এত বড় বিশেষায়িত হাসপাতাল আর নেই। ২০১২ সালে ১০ তলা বিশিষ্ট ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তী সময়ে রোগীর চাপ বাড়তে থাকায় শয্যা সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হয়। বর্তমানে নবনির্মিত ১৫ তলা ভবনে অতিরিক্ত ৫০০ শয্যা সংযোজনের মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ আধুনিক চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়েছে।
এনএন/ ১৫ আগস্ট ২০২৬



