<![CDATA[
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজের ৩ দিন পর চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকালে নগরীর হালিশহরের আনন্দবাজার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত চীনা প্রকৌশলীর নাম ঝাং মিংইয়ান। তিনি চীনা জাহাজ এমভি ক্যাং হুয়ানের প্রধান প্রকৌশলী ছিলেন।
এ বিষয়ে নগরীর পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘কোস্টগার্ড পূর্ব জোনের অনুসন্ধান দল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শিপিং এজেন্টের মাধ্যমে হালিশহর থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
আরও পড়ুন: সাগরে নিখোঁজ সেই চীনা প্রকৌশলীর সন্ধান মেলেনি
গত ২৮ মার্চ বন্দরের আলফা অ্যাংকারেজে অবস্থান করা জাহাজটিতে নিরাপত্তা মহড়া চলছিল। এরমধ্যেই ১৬ নাবিকসহ একটি লাইফবোট সাগরে পড়ে যায়। পরে ১৫ নাবিক উদ্ধার হলেও প্রকৌশলী ঝাং সাগরে তলিয়ে যান।
]]>


