নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার (২৬ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
এতে বলা হয়, এ ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় বাংলাদেশের মানুষ হতবাক ও মর্মাহত। সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে পাওয়া প্রতিবেদনগুলো বাংলাদেশ অনুসরণ করছে।
এ কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের জনগণ ও সরকার নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ।
এছাড়া ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিয়ে নেপালের পাশে থাকার প্রস্তুতির কথাও জানিয়েছে বাংলাদেশ।
