প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পানি সংরক্ষণ এখন সময়ের বড় চ্যালেঞ্জ। এই কারণে সরকার পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিতে যাচ্ছে।
বুধবার গাজীপুরের সাতাইশ চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসবে, এটা বন্ধ করা যাবে না। তবে কিভাবে মানুষ ও সম্পদ রক্ষা করা যায়, সেই প্রস্তুতি আমাদের নিতে হবে।
তিনি বলেন, শুকনো মৌসুমে দেশে পানির সংকট দেখা দিচ্ছে। তাই পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণের কাজ শুরু করবে বর্তমান সরকার। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। নিজেরা সচেতন হবো, অন্যকেও সচেতন করবো।
খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। খাল খননের সঙ্গে কৃষি, পরিবেশ, প্রকৃতি এমনকি ভূমিকম্পের মতো বিষয়ও জড়িত। জলাবদ্ধতা নিরসন, পানি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে দুপুর ২টার দিকে গাজীপুরের ধরপাড়া এলাকায় প্রায় আট একর জমির ওপর নির্মিতব্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবীদের বিশেষায়িত প্রশিক্ষণও এখানে দেওয়া হবে।






