পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ঐতিহাসিক সাফল্যে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (২০ মে) বুধবার সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ৭৮ রানে পাকিস্তানকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। এর আগে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল স্বাগতিকরা। ফলে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

এর পরপরই এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য দেশের জন্য গর্বের।এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য অর্জন করবে।

এই সিরিজ জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও উন্নতি করেছে বাংলাদেশ। ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টাইগাররা উঠে এসেছে পঞ্চম স্থানে। অন্যদিকে ৪৮ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে ভারত। ঐতিহাসিক এই জয়ের জন্য প্রধানমন্ত্রী খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।