পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম এক রুপি কমিয়েছে দেশটির সরকার। অন্যদিকে, ডিজেলের (এইচএসডি) দাম বাড়ানো হয়েছে দুই রুপি। শুক্রবার এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওগরা (ওজিআরএ)।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩২২ রুপিতে। আর ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ রুপি। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছতা বাড়াতে ও আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তনের প্রভাব দ্রুত ভোক্তাপর্যায়ে পৌঁছে দিতে প্রতিদিনের ভিত্তিতে পেট্রোলিয়াম পণ্যের দাম প্রকাশ শুরু করেছে ওগরা।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার প্রতিদিন জ্বালানির দাম পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর সরকার সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানি তেলের দাম সমন্বয়ের পদ্ধতি চালু করেছিল। ওই দিন ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে জুন মাসে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর উত্তেজনা আরো বেড়েছে। এতে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে।
এর আগে পাকিস্তানে প্রতি ১৫ দিন পরপর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হতো।
পাশাপাশি মূল্য নির্ধারণ পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ফর্মুলায় পিএসও কার্গোর প্রকৃত আমদানি খরচ এবং স্থানীয় রিফাইনারিগুলোর জন্য যুদ্ধপূর্ব (৭ মার্চ) শুল্ক ও প্রিমিয়াম হার বিবেচনায় নিয়ে পেট্রোলের দাম সমন্বয় করা হচ্ছে।
সূত্র: জিও নিউজ
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: পাকিস্তানে কমল পেট্রোলের দাম।