পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ | চ্যানেল আই অনলাইন

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরের পরদিনই পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের আশায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, গত রোববার (১৬ আগস্ট) সরকারি সফরে কিশোরগঞ্জ যান প্রধানমন্ত্রী। এ সময় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত জনসভায় কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের দাবি জানান।

পরে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর একদিন পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরকারি নির্দেশনা পৌঁছায়।

নির্দেশনায় পাকুন্দিয়ার মুনিয়ারীকান্দা থেকে দত্তের বাজার এবং মির্জাপুর থেকে টাংগাবর পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে নেওয়া কার্যক্রমের প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদের দুই পাড়ের মানুষের যোগাযোগ ও যাতায়াতে দুর্ভোগ রয়েছে। দুটি সেতু নির্মাণ হলে পাকুন্দিয়ার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। একই সঙ্গে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছেন তারা।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই সম্ভাব্যতা যাচাইয়ের সরকারি নির্দেশনা পাওয়ায় দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

দুটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে সরকারি নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।