পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন | চ্যানেল আই অনলাইন

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন | চ্যানেল আই অনলাইন

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন | চ্যানেল আই অনলাইন

রাজধানীর পুরান ঢাকার বংশাল চৌরাস্তায় একটি ছয়তলা ভবনের দোতলায় হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বংশালের মুকিমবাজার এলাকার ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। খবর পাওয়ার চার মিনিটের মধ্যে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয়রা জানান, ভবনটির দোতলায় বড় একটি হেলমেটের গোডাউন ছিল। সেখানে প্লাস্টিক, থার্মোকল, ফোমসহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সংকীর্ণ রাস্তা ও গোডাউনে থাকা বিপুল পরিমাণ দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়। বিশেষ করে ঘন কালো ধোঁয়া অগ্নিনির্বাপণ কাজে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন ভবনের অন্যান্য তলা ও আশপাশের ভবনে ছড়িয়ে পড়েনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রায় ১ ঘণ্টা ৪৭ মিনিটের চেষ্টায় রাত ৭টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা বিপুল পরিমাণ হেলমেট ও বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, খবর পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়েছিল। ফলে আগুন বড় পরিসরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে কাজ শুরু করা যায়। গোডাউনে প্লাস্টিকের আধিক্যের কারণে ঘন ধোঁয়া অগ্নিনির্বাপণে বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল।

আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার ও ডাম্পিং কার্যক্রম শেষ হলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।