শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এতে ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী। এর আগে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকলেও পরে সংখ্যা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে নেওয়া চাঁদা, ব্যাংকে জমা থাকা অর্থের সুদ, সরকারের থোক বরাদ্দ ও বন্ড সুবিধার মাধ্যমে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের সংস্থান করা হয়। অবসর সুবিধার জন্য চাকরিকালীন সময়ে শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৬ শতাংশ হারে মাসিক চাঁদা কেটে রাখা হয়েছে। পাশাপাশি কল্যাণ সুবিধার জন্য নেওয়া হয়েছে আরও ৪ শতাংশ। ২০১৯ সাল পর্যন্ত এ হারে চাঁদা আদায় করা হয়।

এর আগে অবসর সুবিধার জন্য ৪ শতাংশ এবং কল্যাণ সুবিধার জন্য ২ শতাংশ হারে চাঁদা নেওয়া হতো। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বছরে ১০০ টাকা নেওয়া হয়। এর মধ্যে ৭০ টাকা অবসর সুবিধা এবং ৩০ টাকা কল্যাণ সুবিধা তহবিলে জমা হয়। সরকারের বরাদ্দ এবং জমা অর্থের সুদ থেকেও তহবিলের অর্থের সংস্থান করা হয়।