<![CDATA[
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন থেকে স্পর্শকাতর গোয়েন্দা নথি ফাঁস হওয়ার বিষয়ে দেশটির ন্যাশনাল গার্ডস বাহিনীর এক সদস্যকে সন্দেহভাজন বলে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) যেকোনো সময় তাকে ম্যাসাচুসেটস থেকে গ্রেফতার করা হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানিয়েছে, ২১ বছর বয়সী জ্যাক টিক্সেরা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অনলাইন গ্রুপের সদস্য। সেখানেই সে নথিগুলো পোস্ট করেছিল।
নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, জ্যাক টিক্সেরার নেতৃত্বাধীন গ্রুপটির নাম ‘থাগ শেকার সেন্ট্রাল’। গ্রুপটিতে ২০ থেকে ৩০ জন ব্যক্তি বন্দুকের প্রতি তাদের আগ্রহের কথা শেয়ার করেছেন। পাশাপাশি বর্ণবাদী মিমস, ভিডিও গেমস শেয়ারও করেছে গ্রুপটিতে।
এদিক নথি ফাঁস হওয়ার বিষয়টি আসার পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, মার্কিন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাছে নথি ফাঁসকারী ব্যক্তিকে শনাক্ত করতে। এবং তারা সন্দেহভাজনকে শনাক্ত করার খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: কী আছে পেন্টাগনের ফাঁস হওয়া নথিতে
আয়ারল্যান্ড সফররত জো বাইডেন আইরিশ প্রেসিডেন্টের বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আপনারা জানেন যে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং গোয়েন্দারা ফাঁসকারীকে শনাক্ত করতে পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে এবং তারা ক্রমেই একটু একটু করে জাল গুটিয়ে আনছে।’
নথিগুলোর বিষয়ে প্রথম জানা যায় গেলো মার্চের শেষ দিকে। সামাজিক যোগাযোগমাধ্যম ডিসকর্ডে নথিগুলোর ব্যাপারে পোস্ট করা হয় বেশ কিছু ছবি। পরে গত শুক্রবার (৭ এপ্রিল) নথিগুলোতে থাকা তথ্যও ফাঁস হতে থাকে, যার অধিকাংশই অতি গুরুত্বপূর্ণ নথি বলে লিপিবদ্ধ ছিল।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন থেকে ফাঁস হওয়া নথিতে যুক্তরাষ্ট্রের মিত্র এবং শত্রু দেশগুলোর ওপর গোয়েন্দা মূল্যায়নের মূল্যবান তথ্য রয়েছে। যদিও প্রায় সব সংস্থাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র সরকার এ নথি ফাঁস ঠেকাতে এবং ফাঁস হওয়া নথি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও মিত্র দেশগুলোর আশঙ্কা, এ নথি ফাঁস হওয়ার ফলে গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্ক নষ্ট হতে পারে।
]]>



