LATEST
রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের বাংলাদেশে এখনও বাল্যবিবাহের শিকার প্রায় অর্ধেক নারী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম Huadian Jinsha River Upstream Hydropower Development Co., Ltd. Features at River Strategy Forum, Showcasing China’s Ecological Hydropower Development Practices শহীদ ডা. মিলন দিবস আজ গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহক ও ব্যবসায়ীরা
Current Affairs

প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চাইলেন পলক

প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চাইলেন পলক

কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে প্যারালাইজড হওয়ার আশঙ্কা প্রকাশ করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার আবেদন করেছেন তিনি। শুনানি শেষে কারাবিধি অনুযায়ী তাঁর চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ পলকের পক্ষে এ আবেদন করেন তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

এদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় পলককে আদালতে হাজির করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ পাহারায় তাঁকে আদালতে নেওয়া হয়।

আদালতে নিজের আইনজীবীকে ডেকে শারীরিক অসুস্থতার কথা জানান পলক। পরে তাঁর নির্দেশনায় সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা চেয়ে আবেদন করেন আইনজীবী।

ফারজানা ইয়াসমিন রাখি জানান, দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন পলক। বর্তমানে তিনি বিভিন্ন রোগে ভুগছেন। বুধবার আদালতে এসে পলক তাঁকে জানান, কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে। প্যারালাইজড হওয়ার আশঙ্কাও করছেন তিনি। এ কারণে সিএমএইচে চিকিৎসার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

আদালতে পলক তাঁর আইনজীবীকে আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া তাঁর জন্য ঝুঁকিপূর্ণ। সেখানে নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে। এ কারণে সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করতে বলেন তিনি।

এদিকে, এদিন হোসেন হত্যা মামলার অন্য আসামিদের আদালতে হাজির না করায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আদালতে আইনজীবীর সঙ্গে কথা বলার সময় পলক হোসেন হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাক্ষীদের জেরার প্রস্তুতি নিতে বলেন। দ্রুত সময়ের মধ্যে সাক্ষীদের জেরা শেষ করার তাগিদও দেন তিনি। এ সময় নিজের শারীরিক অসুস্থতার কথাও জানান সাবেক এই প্রতিমন্ত্রী।

শুনানি শেষে আদালতের নির্দেশের পর পুলিশ পাহারায় পলককে আদালত থেকে নামানো হয়। পরে তাঁকে হাজতখানায় না নিয়ে সরাসরি প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলাও রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাঁর বিচার চলছে।

More in Current Affairs

View all

Latest news