
ঢাকা, ১৭ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিশোধ নেওয়ার মানসিকতা দিয়ে হারানো কিছু ফিরে পাওয়া সম্ভব নয়। তাই আমাদের উচিত নিজেদের চিন্তাধারায় পরিবর্তন আনা এবং দেশের মঙ্গলের জন্য কাজ করা।
মঙ্গলবার ১৬ জুন বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিএনপি সরকার অতীতেও প্রমাণ করেছে যে তারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকারের ভুলত্রুটি থাকলে তা নিয়ে গঠনমূলক আলোচনার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
দিনটির তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন বাকশাল সরকার চারটি সংবাদপত্র রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল। দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে স্মরণ করা হয়। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সারা দেশে খেলার মাঠের সংকট রয়েছে। তরুণদের সৃজনশীলতাকে কাজে লাগাতে বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতার মতো আয়োজন সারা বছর চালু রাখা প্রয়োজন। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে স্কুল পর্যায় থেকেই সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তিনি।
নিজের ব্যক্তিগত কষ্টের স্মৃতি চারণ করে প্রধানমন্ত্রী বলেন, কারাগারে থাকাকালীন তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। সেই আঘাতের চিহ্ন এখনো তিনি বহন করছেন। তবে তিনি ব্যক্তিগত ক্ষোভের চেয়ে দেশের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন। দেশের বিপুল সমস্যার সমাধান ও মানুষের প্রত্যাশা পূরণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সংবাদমাধ্যম সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করলে দায়িত্ব পালন সহজ হয়।
এনএন/ ১৭ জুন ২০২৬






