
ছবি: সংগৃহীত
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চালু হয়েছে সুপারসেল কারবাজার। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কারবাজারে একই জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ থাকছে।
গতকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে কারবাজারটির উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। অনুষ্ঠানে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) মহাসচিব রিয়াজ রহমান, উইজার্ড শোবিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীনসহ অটোমোবাইল খাতের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত বিভিন্ন ধরনের গাড়ি এক জায়গায় দেখা ও যাচাইয়ের পাশাপাশি সহজে অর্থায়নের সুযোগও পাওয়া যাবে। ফলে ‘সুপারসেল কারবাজার’ ক্রেতা ও বিক্রেতাদের জন্য স্বচ্ছ ও সুবিধাজনক একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আয়োজকেরা জানান, আধুনিক ও নিরাপদ পরিবেশে গাড়ি কেনাবেচার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সরাসরি গাড়ির মালিক ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি হলে দেশের অটোমোবাইল বাজার আরও সক্রিয় হবে বলে মনে করছেন তারা।
সুপারসেল কারবাজারে শুধু গাড়ি দেখা বা কেনাবেচার সুযোগই নয়, ক্রেতারা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও সরাসরি কথা বলতে পারবেন। অটো লোন, গাড়ি ফাইন্যান্সিংসহ বিভিন্ন আর্থিক সুবিধা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নেওয়া যাবে।
আয়োজকদের মতে, এতে ক্রেতাদের জন্য গাড়ি কেনার পুরো প্রক্রিয়া আরও সহজ হবে।
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে সুপারসেল কারবাজার। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এর কার্যক্রম।
এখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি প্রদর্শন করা হবে। ক্রেতারা পছন্দের গাড়ি দেখে যাচাই করার পাশাপাশি কেনার সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যদিকে গাড়ির মালিকেরা সম্ভাব্য ক্রেতাদের সামনে নিজেদের গাড়ি উপস্থাপন ও বিক্রির সুযোগ পাবেন।
আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ আয়োজনের মাধ্যমে ‘সুপারসেল কারবাজার’ রাজধানীর গাড়িপ্রেমী এবং ক্রেতা-বিক্রেতাদের কাছে একটি পরিচিত ও জনপ্রিয় অটোমোবাইল মার্কেটপ্লেস হিসেবে গড়ে উঠবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

