
ছবি: সংগৃহীত
মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ আয়োজন করে।
এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল সমাধিতে গার্ড অব অনার প্রদান করে। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিতদের মধ্যে তবারকও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্ব ও আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে তার বীরত্বগাথা তুলে ধরার পাশাপাশি মহান অবদানকে স্মরণ করতেই প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, নূর মোহাম্মদ শেখের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
