
ছবি: সংগৃহীত
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নভোথিয়েটারে ‘সবার জন্য স্বাস্থ্যসেবায় উদ্ভাবন’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, উন্নতমানের স্বাস্থ্যসেবা কারও আয়, বসবাসের স্থান বা সামাজিক মর্যাদার ওপর নির্ভর করে বিশেষ সুবিধা হওয়া উচিত নয়। দেশের প্রতিটি নাগরিকের জন্য এবং দেশের প্রতিটি প্রান্তে এই সেবা সহজলভ্য করতে হবে।
তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা কোনো করুণা নয়, এটা মৌলিক অধিকার।’
স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে গবেষক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, গবেষক ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করলে দেশের স্বাস্থ্যব্যবস্থায় আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
একই সঙ্গে ক্যান্সার ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি আরও বাড়ানোর আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
সেমিনারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন উদ্ভাবন ও নতুন প্রযুক্তি দেশে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, দেশের যেসব বিজ্ঞানী বিদেশে কাজ করছেন, তাদের দেশে ফিরিয়ে এনে দেশের স্বাস্থ্য ও বিজ্ঞান খাতে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে।
এ ছাড়া সরকারি হাসপাতালগুলোতে রোগীদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
