প্রধানমন্ত্রী ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

রোববার (২৩ অগাস্ট) বিকেলে অভিযান চালিয়ে কারকান রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভুয়া এসব ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার এবং মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানহানি করা হচ্ছিল। একইভাবে আরও অনেকের নামে একাধিক আইডি ও পেজ তৈরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ পাওয়ার পর ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালায়।

এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। মামলাটির তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য কারকান রানার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।