
তাইপেই, ৫ সেপ্টেম্বর – প্যাসিফিক আইল্যান্ডস ফোরামে চীনের তথাকথিত আগ্রাসী উলফ ওয়ারিয়র কূটনীতি এবং গোয়েন্দা তৎপরতার তীব্র সমালোচনা করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং। ২০২৬ সালে পালাউতে অনুষ্ঠিতব্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের এই শীর্ষ সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণ নিয়ে বেইজিংয়ের আপত্তির জেরে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন রূপ নিয়েছে।
সম্মেলনের আয়োজক পালাউসহ প্রশান্ত মহাসাগরীয় তিনটি দ্বীপরাষ্ট্রের সাথে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। তবে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করা চীন এই সম্মেলনে তাইওয়ানের উপস্থিতির বিরোধিতা করছে। এমনকি তাইওয়ানের অংশগ্রহণের ফলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও বেইজিংয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তাইপেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিন চিয়া-লুং বলেন যে চীনের এই ধরনের আচরণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঐক্যকে নষ্ট করছে। তিনি বেইজিংয়ের এই কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত এবং বিরক্তিকর হিসেবে অভিহিত করেন। লিন অভিযোগ করেন যে চীন আয়োজক দেশের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন আচরণ করছে যেন তারাই সম্মেলনের নিয়ন্ত্রক।
পালাউকে অনিরাপদ ভ্রমণ গন্তব্য হিসেবে ঘোষণা করার চীনা সিদ্ধান্তের সমালোচনা করে তিনি একে অদ্ভুত ও হাস্যকর বলে মন্তব্য করেন। সম্মেলন চলাকালে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নজরদারি এবং গোয়েন্দাগিরির অভিযোগ তুলে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জানান যে বিভিন্ন অনুষ্ঠানস্থলে চীনের সিসিটিভি সংশ্লিষ্ট কর্মী ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
লিন একে এক প্রকার গোয়েন্দা তৎপরতা হিসেবে বর্ণনা করেন। সম্মেলনে নিরাপত্তা নিশ্চিত করায় আয়োজক দেশ পালাউকে ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর এসব অভিযোগকে মনগড়া গল্প হিসেবে প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বেইজিং লিনের বক্তব্যকে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা এবং আত্মপ্রতারণামূলক রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছে। তবে চীনের সকল বাধা উপেক্ষা করে প্যাসিফিক আইল্যান্ডস ফোরামে তাইওয়ানের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন লিন চিয়া-লুং।
এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬

