জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘নীরব কেন কবি’। নজরুলের কালজয়ী পাঁচটি গান নতুন ভিজ্যুয়াল ভাবনায় উপস্থাপন করা হয়েছে এই আয়োজনে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা।
অনুষ্ঠানে থাকছে ‘পথহারা পাখি’, ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’, ‘শাওন রাতে যদি স্মরণে আসে মোরে’, ‘দোলা লাগিল দখিনার বনে বনে’ এবং ‘ফুলের জলসায় নীরব কেন কবি’। প্রতিটি গানই ফেরদৌস আরার কণ্ঠে ধারণ করে তার ভাব ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে আলাদা ভিজ্যুয়াল।
নজরুলের গানকে নতুন প্রজন্মের কাছে ভিন্ন আবহে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। কোথাও একাকিত্ব ও বিরহ, কোথাও প্রেম ও নিবেদন, আবার কোথাও বর্ষা কিংবা বসন্তের উচ্ছ্বাস- গানের ভাবনার সঙ্গে মিল রেখে ভিজ্যুয়াল নির্মাণে বৈচিত্র্য আনা হয়েছে।
বিশেষ করে ‘ফুলের জলসায় নীরব কেন কবি’ গানটির ভাবনা থেকেই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘নীরব কেন কবি’। কবি নীরব হয়েছেন পাঁচ দশক আগে, কিন্তু তাঁর সৃষ্টি এখনো মানুষের হৃদয়ে একইভাবে অনুরণিত। সেই চিরজাগরুক সৃষ্টিশক্তির প্রতি শ্রদ্ধা জানাতেই সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
নির্মাতার ভাবনায়, এটি শুধু নজরুলের গান পরিবেশনের আয়োজন নয়; বরং তাঁর সৃষ্টির কাছে নতুন করে ফিরে যাওয়ার একটি নান্দনিক প্রয়াস। গান, কণ্ঠ ও ভিজ্যুয়ালের সমন্বয়ে কবির অনুভবকে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
‘নীরব কেন কবি’ পরিচালনা করেছেন রেজাউল করিম কাজল। উপস্থাপনায় রয়েছেন সংগীতশিল্পী দেবশ্রী অন্তরা।
অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।
