ফেসবুক ব্যবহারকারীদের পরিচয় যাচাই করে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দেওয়ার উদ্যোগ নিয়েছে মেটা। তবে এই সুবিধা সবার জন্য নয়। বয়স ১৮ বছরের কম, পেশাদার মোড চালু থাকা প্রোফাইল, ফেসবুক পেজ এবং নীতিমালা লঙ্ঘনকারী বা ভুয়া পরিচয়ে পরিচালিত অ্যাকাউন্টগুলো এই সুবিধা পাবে না। ভিডিও সেলফির সঙ্গে প্রোফাইলের ছবির মিল যাচাই করে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা হবে।
মেটার তথ্যমতে, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা ভিডিও সেলফির মাধ্যমে নিজেদের পরিচয় যাচাই করতে পারবেন। ধারণ করা ভিডিওর সঙ্গে ফেসবুক প্রোফাইলে থাকা ছবির মিল পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে। পুরো প্রক্রিয়াটি বিনা মূল্যে সম্পন্ন করা যাবে।
যারা পাবেন না ভেরিফায়েড ব্যাজ
১. ১৮ বছরের কম বয়সীরা: এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
২. ফেসবুক পেজের মালিকেরা: আপাতত পেজের জন্য এই ভেরিফিকেশন সুবিধা চালু করা হয়নি।
৩. প্রফেশনাল মোড ব্যবহারকারীরা: প্রোফাইলে প্রফেশনাল মোড চালু থাকলে এই সুবিধা প্রযোজ্য নয়।
৪. নীতিমালা লঙ্ঘনকারী অ্যাকাউন্ট: প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কারণে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকারী অ্যাকাউন্ট যোগ্য হবে না।
৫. অসত্য পরিচয়ে কার্যকলাপে জড়িত অ্যাকাউন্ট: অ্যাকাউন্টে ভুয়া পরিচয় বা সঠিক নয় এমন আচরণের প্রমাণ থাকলে ভেরিফিকেশন পাওয়া যাবে না।
৬. যাচাইয়ে ব্যর্থ ব্যবহারকারী: ভিডিও সেলফির সঙ্গে প্রোফাইলের ছবির মিল না পাওয়া গেলে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে না।
যেভাবে কাজ করবে বিনা মূল্যের ভেরিফিকেশন
মেটা জানিয়েছে, পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সাধারণত কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হতে পারে। যাচাই সফল হলে ফেসবুকের সমর্থিত বিভিন্ন জায়গায় ব্যবহারকারীর প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে।
তবে বিনা মূল্যের এই সুবিধার সঙ্গে অর্থের বিনিময়ে পাওয়া ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশনের পার্থক্য রয়েছে। অর্থের বিনিময়ে নেওয়া এই সাবস্ক্রিপশনে নীল ব্যাজের পাশাপাশি অ্যাকাউন্ট সুরক্ষার অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অন্যদিকে, নতুন বিনা মূল্যের পরিচয় যাচাই ব্যবস্থায় কালো ব্যাজ ব্যবহারের কথা জানানো হয়েছে।
কেন এই উদ্যোগ
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভুয়া প্রোফাইল, ছবি ও বার্তা তৈরি করা সহজ হয়ে ওঠায় ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় শনাক্ত করার প্রয়োজনীয়তা বেড়েছে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, ফেসবুকের বাজার, ডেটিং সেবা ও বিভিন্ন গ্রুপে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের আগে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি করা।




