<![CDATA[
বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের পূর্বপাশে পার্কিং করা ট্রাক থেকে দুই বস্তা গাঁজা জব্দ করেছে পুলিশ।
বুধবার (৫ এপ্রিল) রাতে উপজেলার পিলজংগ এলাকার মেসার্স কামাল ফিলিং স্টেশনসংলগ্ন পার্কিংয়ের ট্রাক থেকে ওই গাঁজা জব্দ করা হয়।
জব্দ করা দুটি বস্তায় ১৮ কেজির মতো গাঁজা ছিল, যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি ফকিরহাট থানা পুলিশ।
আরও পড়ুন: গাঁজা চাষকে বৈধ ঘোষণা, এশিয়াতে প্রথম
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলে প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। ওই ট্রাকে বেশকিছু ফাঁকা ড্রাম ছিল। একটি ড্রামের মধ্যে দুই বস্তায় গাঁজা ছিল। গাঁজার পাশাপাশি ট্রাকটি জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গাঁজার ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করছে বলেও জানান তিনি।
]]>



