<![CDATA[
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলের নেতাদের আলোচনার জন্য চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (কাজী) হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যার পর চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি। চিঠিটি বিএনপি মহাসচিবের কাছে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে দলটির দফতর।
চিঠিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাদের দলের অন্যান্য নেতাসহ, সমমনা দলসমূহের নেতাদের সিইসির পক্ষ থেকে ডি ও পত্রের মাধ্যমে আলোচনা ও মতবিনিমায়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের দেয়া চিঠির বিষয়ে কবে সংলাপ হবে তার দিনক্ষণ ঠিক হয়নি। বিএনপির কাছে ইসি তারিখ চেয়েছে। বিএনপি যেই তারিখে বসতে চায়, কমিশন সেই তারিখেই সংলাপে বসতে আগ্রহী।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখনও মাঠের আন্দোলনে সক্রিয় বিএনপি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ার স্পষ্ট ঘোষণাও দিয়েছেন দলটির নেতারা। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে তাদের সব ধরণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আসছে বিএনপি। তবুও আগামী নির্বাচন নিয়ে দলটির নেতাদের সঙ্গে সংলাপ করার উদ্যোগ নিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
চিঠিতে বর্তমান ইসি ও আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের কথা তুলে ধরে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান কমিশনের প্রতি অনাস্থা ব্যক্ত করে প্রত্যাখ্যান করে আসছে। আপনারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আপনাদের এমন রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশলের বিষয়ে কমিশনের কোনো মন্তব্য নেই।
]]>


