ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরের (ভিআইএ) ১ নম্বর টার্মিনালে স্বয়ংক্রিয় ই-গেট সেবা সম্প্রসারণ করেছে মালদ্বীপ এয়ারপোর্টস কোম্পানি লিমিটেড (এমএসিএল) এবং মালদ্বীপ ইমিগ্রেশন। এর ফলে এখন বিদেশিরাও এই সেবা উপভোগ করতে পারবেন।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির স্বরাষ্ট্র, শ্রম ও প্রযুক্তিমন্ত্রী আলি ইহুসান আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে এমএসিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম শরিফ মোহাম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মুজতবা লতিফ, কন্ট্রোলার জেনারেল অব ইমিগ্রেশন (অবসরপ্রাপ্ত) আহমেদ ফাসিহ এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে স্বয়ংক্রিয় এই সীমান্ত পারাপার ব্যবস্থা কেবল মালদ্বীপের পাসপোর্টধারীদের জন্য সীমাবদ্ধ রেখেছিল কর্তৃপক্ষ। নতুন এই ব্যবস্থার আওতায় ৩৯টি দেশের ইলেকট্রনিক পাসপোর্টধারী (ই-পাসপোর্ট) যোগ্য পর্যটকরা নির্ধারিত ৩১টি এয়ারলাইন্সে ভ্রমণের ক্ষেত্রে এই গেট ব্যবহার করতে পারবেন।
ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে বর্তমানে মোট ৩৫টি ই-গেট চালু রয়েছে—যার মধ্যে ২০টি আগমনী হলে এবং ১৫টি বহির্গমন হলে। এর ফলে যোগ্য যাত্রীরা ভ্রমণের উভয় পর্যায়েই প্রথাগত ইমিগ্রেশন কাউন্টার এড়িয়ে দ্রুত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এই সেবা উদ্বোধনের দিনে এমিরেটসের একটি ফ্লাইটে আসা এক যাত্রী প্রথম আন্তর্জাতিক ভ্রমণকারী হিসেবে স্বয়ংক্রিয় এই ব্যবস্থার মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন করেন।
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: বিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু মালদ্বীপের।